images

সারাদেশ

সার্টিফিকেট জালিয়াতি চক্রের সদস্য আটক

জেলা প্রতিনিধি

০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ এএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে সার্টিফিকেট জালিয়াতি চক্রের সদস্য আব্দুল বাছিত রিয়ানকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোশাররফ হোসেন সাগর।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। এ সময় সার্টিফিকেট জালিয়াতি চক্রের সদস্য আব্দুল বাছিত রিয়ানকে আটক করা হয়। আটক ব্যক্তি জেলার বানিয়াচং উপজেলার দক্ষিণ যাত্রাপাশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

র‌্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ভুয়া শিক্ষাগত সনদ তৈরি করে প্রতারণা করে আসছিল। আটক ব্যক্তি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গ্রাহক সংগ্রহ করতেন এবং সনদের পিডিএফ কপি তৈরি করে বিক্রি করতেন। মূল সনদ রাজশাহী থেকে প্রিন্ট করে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো।

র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোশাররফ হোসেন সাগর বলেন, ‘এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।’

প্রতিনিধি/এসটি