জেলা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছোড়া ঢিলের আঘাতে চাচা নিহতের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত আবু সাদেক ভুঁইয়া (৬৫) পিজাহাতী গ্রামের কাজিম উদ্দীন ভুইয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তুফা জানান, সাদেক ভুঁইয়া ও তার ভাই ফিরোজ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে বিকালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ফিরোজ মিয়া, তার ছেলে জোনাইদ ও তাদের লোকজন সাদেক ভুঁইয়ার ওপর চড়াও হয়। এসময় ভাতিজা জোনাইদের ছোড়া ঢিলে বুকে গুরুতর আহত হন সাদেক ভুঁইয়া। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকারী পুলিশ সুপার জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। থানায় আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস