images

সারাদেশ

দেবীগঞ্জে বিএনপি নেতাকে মারধর, ছাত্রদল নেতাকে কারণ দর্শাও নোটিশ

জেলা প্রতিনিধি

০৭ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুন্দরদীঘি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল।

সোমবার (৬ এপ্রিল) রাতে জেলার দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান স্বাক্ষরিত নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সুন্দরদীঘি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম কৌশলে চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহাতাব উদ্দীন খানকে ব্যাবসায়িক আলোচনার কথা বলে ঠাকুরগাঁওয়ে ডেকে নেন। সেখানে নিয়ে তাকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় রাশেদুল ইসলামের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

ce0d7475-598e-4bcb-826c-489543a9e576

অভিযোগের বিষয়ে সুন্দরদীঘি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম বলেন, এসব ভিত্তিহীন অভিযোগ। ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। অন্যজনের সাথে ঝামেলা হলেও আমার নাম জড়ানো হয়েছে।

আরও পড়ুন

একাধিক পদে জেলা পরিষদ প্রশাসক মামুন, উঠছে প্রশ্ন

এদিকে ভুক্তভোগী চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহাতাব উদ্দীন খান বলেন, রাশেদুলের ভাইয়ের কাছে আমি টাকা পাই। এ বিষয়ে আমি রাশেদুলের কাছে অভিযোগ দিয়েছিলাম, কিন্তু সে কোনো সমাধান দেয়নি। আমাকে ঠাকুরগাঁও এ মারধরের ঘটনায় রাশেদুল জড়িত। কারণ সে ঠাকুরগাঁও এ থাকে।

দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন জানান, অভিযোগের প্রেক্ষিতে রাশেদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত ২৫ মার্চ পাওনা টাকা আদায়ের উদ্দেশে ঠাকুরগাঁওয়ে গেলে বিএনপি নেতা মাহাতাব উদ্দীনের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ সময় তার স্ত্রী ও সন্তানও হামলার শিকার হন বলে জানা গেছে।

প্রতিনিধি/এসএস