images

সারাদেশ

টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি

০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এর আগে কলেজটির অধ্যক্ষের হাতে স্মারকলিপি প্রদান করে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর স্মারকলিপি প্রদান করে এবং পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ইবরাহীম খাঁ সরকারি কলেজটি ভূঞাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ায় ভূঞাপুর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা এবং দেশের নানা প্রান্ত থেকে এখানে পড়াশোনা করছেন। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ভূঞাপুর শহর থেকে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত নিকরাইল কেন্দ্র (শমসের ফকির মহিলা কলেজ-এ) ভেন্যু করায়, সেখান সঠিক সময়ে পৌঁছাতে পরীক্ষার্থীদের নানা ভোগান্তির শিকার হতে হবে।

dce70a9a-680a-4caf-9af8-c7c56c61fa7b

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি লাঞ্ছিত, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

শিক্ষার্থীরা আরও জানান, তা ছাড়া নিকরাইল কেন্দ্রে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো ও আবাসন সুবিধা নেই। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়াও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় তারা ভূঞাপুর কেন্দ্রেই পরীক্ষা দিতে চান এবং নিকরাইল কেন্দ্র বাতিল চান। অন্যথায় তাদের দাবি না মানলে আরও কঠোর আন্দোলন হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

505e4cf8-f523-4a7a-9770-ebcddf1bbc05

মানববন্ধনে ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সামিউল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক রাসেল শেখ, সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাসানসহ কলেজের অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস