উপজেলা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পিএম
‘জাটকা ধরা থামাই যদি ইলিশে ভরবে সাগর নদী’ এই স্লোগানে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১২টায় ৭ থেকে ১৩ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে দোহার উপজেলার প্রশাসনের সভা কক্ষে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান।
মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ। জাতীয় অর্থনীতিতে ইলিশের গুরুত্ব অপরিসীম। এদের কৃষ্টি কালচার ও জেলে জীবন, জীবিকা নির্বাহ ও আর্থ সামাজিক উন্নয়নে ইলিশ মাছ আমাদের সম্পদ। এই ইলিশ সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার। জাটকা ধরা বন্ধ করলে পারলে আমরা সারাবছর ইলিশ খেতে পারব। এজন্য সবার কাছে আমাদের বার্তা হচ্ছে, ১০ ইঞ্চির নিচে ইলিশ মাছ ধরব না এবং বাজারজাত করব না।
তিনি জেলেদের উদ্দেশে বলেন, সরকার জেলেদের এ সময়টাতে মাছ না ধরার জন্য ভিজিএফ কার্ড দিয়ে সহযোগিতা করছে। আপনারা সচেতন হলে আমাদের জাতীয় মাছ ইলিশের কোনো সঙ্কট থাকবে না এদেশে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নি, কৃষি কর্মকর্তা নিয়াজ মাহমুদ মিঠুন, প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম হোসেন ও কুতুবপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ সাইহান অলিউল্লাহ।
প্রতিনিধি/এজে