images

সারাদেশ

নাটোরে গোয়াল ঘরে ১২৫ লিটার ডিজেল জব্দ, কৃষকের জরিমানা

জেলা প্রতিনিধি

০৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ এএম

নাটোরের বড়াইগ্রামে এক কৃষকের গোয়াল ঘর থেকে ১২৫ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অপরাধে ওই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার নওদাপাড়া (জুয়াড়ি) এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জানাতুল ফেরদৌস।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন কৃষক আব্দুর রশিদের গোয়াল ঘরে অভিযান চালায়। অভিযানে ড্রামভর্তি ১২৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়। লাইসেন্স বা অনুমতি ছাড়া অতিরিক্ত তেল মজুত রাখায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জানাতুল ফেরদৌস জানান, অবৈধভাবে তেল মজুতকারীর বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/একেবি