জেলা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম
নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরের জমিতে বোরো ধান কর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ধান কর্তন উদ্বোধন করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম। এ সময় জেলা প্রশিক্ষণ কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান,স্থানীয় কৃষি কর্মকর্তা, এলাকার কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম বলেন, আশানুরূপ ফলন হয়েছে এবার। বর্তমানে আবহাওয়াও অনুকূলে রয়েছে। ধান কাটার প্রয়োজনীয় হারভেস্টার মেশিন আছে। ধান পেকে যাওয়ার সাথে সাথে তা দ্রুত কর্তনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
স্থানীয় গোবিন্দশ্রী গ্রামের কৃষক জামাল মিয়া বলেন, ধানের ফলন এ বছর ভালো হলেও জমির সব ধান ঘরে তুলতে পারব কিনা- বিশ্বাস নেই। কারণ, যদি বৃষ্টিপাত হয় তাহলে হাওরের নিচু জমির সব ধান তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জেলা কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, এ বছর নেত্রকোনার ১০টি উপজেলায় মোট ১ লাখ ৮৫ হাজার ৫৪৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এরমধ্যে শুধু হাওরাঞ্চলেই বোরো আবাদ হয়েছে ৪১ হাজার ৬৫ হেক্টর জমিতে।
প্রতিনিধি/এসএস