images

সারাদেশ

কাঁঠালিয়ায় মানববন্ধনে হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। নির্মাণকাজে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম আউরা গ্রামের তালতলা খাল সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের দাবি, তালতলা খালে দীর্ঘদিন ধরে বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর বর্ষা ও বন্যা মৌসুমে পানি ঢুকে পড়ে বিস্তীর্ণ এলাকায়। এতে শতশত একর জমির ফসল, গাছপালা, মাছ ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়। একইসঙ্গে বাড়িঘর তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ পরিস্থিতিতে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খালের তীরে প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করে। তবে অভিযোগ রয়েছে, সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন নামের এক ব্যক্তি নির্মাণকাজে বাধা দেওয়ায় তা বন্ধ হয়ে যায়। পরে নির্মাণকাজ পুনরায় শুরুর দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানান। কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় তারা সোমবার নির্মাণাধীন স্থানে মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধন চলাকালে নাসির উদ্দিনের সমর্থকরা হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করে বলে অভিযোগ করেন অংশগ্রহণকারীরা। তবে গ্রামবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা সরে যেতে বাধ্য হয়।

মানববন্ধনে বক্তব্য দেন— উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, ব্যবসায়ী মো. গোলাম রব্বানী মিলন, কলেজছাত্রী নাজমা আক্তার ও গৃহিণী মাসুমা বেগম।

অভিযুক্ত পক্ষের বক্তব্য জানা যায়নি। স্থানীয়রা দ্রুত বেড়িবাঁধ নির্মাণকাজ পুনরায় শুরু করে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিনিধি/টিবি