জেলা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৬, ০৯:২১ এএম
বগুড়ায় রবিন হোসেন (২৮) নামে একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীদের আরেক গ্রুপ।
রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের ফুলবাড়ী বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী এতথ্য নিশ্চিত করেছেন।
রবিন (২৮) শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজ হোসেনের ছেলে।
রবিনের নামে বগুড়া সদর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারি, নারী নির্যাতন আইনসহ চারটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, রবিন সন্ত্রাসীর প্রকৃতির ছেলে। ৫-৬ মাস আগে উত্তর চেলোপাড়া ও নারুলী এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে রবিনকে কিছুদিন আগে হত্যার চেষ্টা চালানো হয়। এরপর রোববার ফুলবাড়ি বানিয়াপাড়া এলাকায় কবরস্থানের গাছ থেকে আতা ফল পাড়া নিয়ে স্থানীয়দের সঙ্গে রবিনের ঝগড়া বিবাদ হয়। রোববার রাত ১০টার দিকে ৪-৫ জন যুবক রবিনকে ফুলবাড়ি বানিয়া পাড়া কবরস্থানের পাশে জঙ্গলে হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং রাম দা দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জঙ্গল থেকে তিনটি হকিস্টিকের ভাঙা অংশ এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।
আরও পড়ুন
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের সঙ্গে রবিনের অনেক আগে থেকেই বিরোধ ছিল। জড়িতদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
প্রতিনিধি/টিবি