জেলা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৬, ১২:০৫ এএম
কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে রাজশাহীতে তরুণ সমাজকে যথাযথভাবে কাজে লাগানোর প্রস্তাবনা উঠেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রস্তাব দেওয়া হয়।
সভায় সূচনা বক্তব্য দেন রাজশাহীর নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, আমি কোনো অন্যায় বা দুর্নীতিকে প্রশ্রয় দেব না। দুর্নীতি, মাদক ও জ্বালানি মজুতের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এক লিটার তেল মজুত করলেও জবাবদিহির আওতায় আনা হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের শক্তি জোগাবে। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণের সমস্যা দ্রুত সমাধান সম্ভব।
সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা ও গণসেবার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। সিনিয়র সাংবাদিক সরকার শরিফুল ইসলাম আম মৌসুমকে ঘিরে আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন কোচিং বাণিজ্য ও প্রতারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া জ্বালানি তেল সংকটের কারণে সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।
এ সময় ঢাকা মেইলের রাজশাহী প্রতিনিধি ও ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’-এর প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা গেলে সুন্দর রাজশাহী তথা কাঙ্ক্ষিত দেশ গড়া সম্ভব।
সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের প্রস্তাবনা গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
/এএস