images

সারাদেশ

আমি হারিনি, হেরে গেছে জনগণের উন্নয়ন: নজরুল ইসলাম মোল্লা

জেলা প্রতিনিধি

০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পিএম

‘নির্বাচনে আমি হারিনি, বরং হেরে গিয়েছে এই অঞ্চলের সাধারণ মানুষের উন্নয়ন’—এমন আবেগঘন বক্তব্য দিয়েছেন নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রোববার (৫ এপ্রিল) বরগুনায় আগমন উপলক্ষে জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভা ও গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেলে আমতলী চৌরাস্তা বাধঘাট এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাব চত্বরে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।

জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নজরুল ইসলাম মোল্লা বলেন, সংসদ সদস্য নির্বাচিত হতে না পারলেও জেলা পরিষদের মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন। অতীতে উন্নয়নের যে ঘাটতি ছিল, তা পূরণে তিনি কাজ করতে চান।

তিনি আরও বলেন, জেলা পরিষদের প্রতিটি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের দুর্নীতি বা চাঁদাবাজি বরদাশত করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে।

দায়িত্বপ্রাপ্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

পথসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বরগুনা জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ জনগণ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এএস