images

সারাদেশ

ভোলায় তেল না পেয়ে ইউএনওর বাসার সামনে বাইকারদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি

০৫ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম

ভোলার লালমোহনে জ্বালানি তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাস ভবনের সামনে বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

রোববার (৫ এপ্রিল) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এর আগে, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লালমোহন উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পেট্রোল পাম্পগুলোকে রাত ১২টা পর্যন্ত জ্বালানি তেল বিক্রির সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। একই সঙ্গে যানবাহনের বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল না দেওয়ার নির্দেশনা থাকায় অনেক মোটরসাইকেলচালক তেল পাননি। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে চালকদের মধ্যে।

একপর্যায়ে বিক্ষুব্ধ মোটরসাইকেলচালকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে লালমোহন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভের চেষ্টা, সংঘর্ষে ওসিসহ আহত ১০

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, যাদের মোটরসাইকেলের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নেই, তারাই অন্যায়ভাবে এ কাজ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ চালকদের শান্ত করে সেখান থেকে সরিয়ে দেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক বলেন, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকেরা জ্বালানি তেল দাবি করছিলেন। কিন্তু লাইসেন্স ছাড়া তাদের তেল দিলে সেটার কোনো বৈধতা থাকে না। তাই তাদের নিষেধ করা হলে হট্টগোল করেন। পরে অতিরিক্ত পুলিশ আসলে তারা সেখান থেকে চলে যান।

প্রতিনিধি/এসএস