images

সারাদেশ

সিরাজগঞ্জে ট্যাঙ্কলরির ধাক্কায় চিকিৎসক নিহত

জেলা প্রতিনিধি

০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় সঞ্জয় কুমার সুত্রধর ওরফে জীবন (৩০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে বগুড়া-নগরবাড়ির মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল ব্রিজের উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সঞ্জয় সুত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের পুত্র। তিনি পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর তেল ডিপো থেকে তেল উত্তোলনের জন্য পাবনা থেকে আসছিল ট্যাঙ্কলরিটি। একই দিক থেকে যাত্রী নিয়ে আসছিল সিএনজিচালিত অটোরিকশাটি। অতিরিক্ত যানজটের কারণে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে অটোরিকশাটি গতি থামালে একই দিক থেকে আসা ট্যাঙ্কলরি সজোরে তাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর ও রিপন বেপারি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সুত্রধর মারা যান।

 

শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, বাঘাবাড়িতে অটোরিকশা এবং ট্যাঙ্কলরির সংঘর্ষে সঞ্জয় কুমার সুত্রধর নামে একজন নিহত হয়েছেন। ইতোমধ্যে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি