images

সারাদেশ

খালিয়াজুরীতে শ্রমিকদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, শোকজ

জেলা প্রতিনিধি

০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৫ এএম

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে ইয়াবা সেবন করতে দেখা গেছে।

এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা শ্রমিক দল।

শনিবার (৪ এপ্রিল) উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক (যুগ্ন সম্পাদক পদ মর্যাদা) মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পত্রে তাকে শোকজ করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খালিয়াজুরী উপজেলা শ্রমিক দলের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জবাব লিখিতভাবে দিতে বলা হয়েছে।

তবে অভিযুক্ত শ্রমিকদল নেতা শফিকুল ইসলামের দাবি, তাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলক এমন ভিডিও এআই দিয়ে বানানো হয়েছে। মাদকের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন।

এ বিষয়ে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মাদক সেবনের ভিডিওটি চোখে পড়ার পর শফিকুল ইসলামকে শোকজ করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে দলের জিরো টলারেন্স অবস্থান। প্রধানমন্ত্রীসহ আমাদের স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। মাদকের সঙ্গে যুক্ত এমন কেউ দলে থাকতে পারবে না।

প্রতিনিধি/টিবি