জেলা প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৬ এএম
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দেশের সকল শিশুদের টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ হব। আমাদের দেশের শিশুরা সুস্থ নিরাপদ থাকবে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ টিকার কোনো রকম ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।
রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসক নুরুল করীম ভুইয়া, সিভিল সার্জন, স্বাস্থ্য মন্ত্রনালয়, বিশ্ব স্বাস্থ সংস্থা ও ইউনিসেফ এর প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে দ্রুততার সঙ্গে টিকার সরবরাহ নিয়ে আন্তরিকতার সঙ্গে সরকার কাজ করছে, যেখানে ঘাটতি রয়েছে সেখানে দায়িত্ব নিয়ে সেই ঘাটতি পূরণ করা হচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি, কাজ চলছে। জনগণের সম্পৃক্ততার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, গাজীপুরে হাম ও রুবেলা প্রতিরোধে বিভিন্ন টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কমবয়সী শিশুদের মধ্যে ২৮ হাজার টিকা প্রদান করা হবে যা চলবে আগামী ১৫ দিন। এই কার্যক্রমে জেলার সদর, টঙ্গী, কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালিগঞ্জ ও পুবাইলের বিভিন্ন এলাকায় টিকাদান কর্মসূচি চলবে। গাজীপুরসহ ১৮ টি জেলার ৩০ টি উপজেলায় একযোগে এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে স্থাপন করা হয়েছে অস্থায়ী টিকাদান কেন্দ্র। ইতোমধ্যে অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া দেখা গেছে।
এদিকে, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ৪০ জন শিশু হাম রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
প্রতিনিধি/টিবি