জেলা প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৬, ১০:২৫ এএম
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সাবেক এক ছাত্রদল নেতার হেফাজত থেকে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ মার্চ) রাত ১০টার দিকে ঝালকাঠী সদর থানার এসআই আসাদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সেউতিবাড়ীয়া এলাকা থেকে এসব বিটুমিন উদ্ধার করে।
এ ঘটনায় মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রভাবশালী সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠীর শ্যাডো কনস্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। পরে ২ মার্চ সেগুলো চুরি হয়ে যায়। এ ঘটনায় ৫ মার্চ ঝালকাঠী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরাই মাল বহনকারী ট্রাক শনাক্ত করে চালককে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিটুমিনগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিটুমিনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
অভিযুক্ত শাকিল মাহমুদ পলাশ হাওলাদার দাবি করেন, উদ্ধার হওয়া ৫৯ ব্যারেলের মধ্যে ৩৪ ব্যারেলের কাগজপত্র রয়েছে, বাকি ২৫ ব্যারেল তার অজান্তেই সেখানে রাখা হয়েছে।
প্রতিনিধি/টিবি