images

সারাদেশ

বাড়িতে ঢুকে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি

০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ এএম

বগুড়ার শিবগঞ্জে বাড়িতে ঢুকে শাহানাজ বেগম (৭০) নামে এক অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহানাজ বেগম ওই গ্রামের মৃত আবুল খালেকের স্ত্রী। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শাহানাজ বেগমের বাড়িতে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে ​নিহতের ভাতিজা আবু রায়হান সুজন জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। শাহানাজ বেগমের ছেলে সজিব ফোন করে তাকে দ্রুত বাড়িতে যেতে বলেন এবং জানান যে বাড়িতে অপরিচিত লোকজন ঢুকেছেন।

 

সুজন বলেন, দ্রুত বাড়িতে পৌঁছে দেখি বড় আম্মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার গলার কাছে ছুরিকাঘাত করা হয়েছে। সজিবের স্ত্রীকে আরেকটি ঘরে আটকে রাখা হয়। পরে বড় আম্মাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে রওনা হয়েছি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/টিবি