জেলা প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩০ এএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে মো. জসিম উদ্দিন (৪২) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় কান্দাপাড়া এলাকায় টিএফ ফ্যাশন নামের পোশাক কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
জসিম উদ্দিন কুমিল্লা জেলার মুরাদনগরের মৃত আবদু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে দীর্ঘ সময় ধরে কড়া নাড়লেও নিরাপত্তাকর্মী জসিম গেট না খোলায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কারখানাটির একটি জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে মশারির ভেতর থেকে নিরাপত্তাকর্মী জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে যেকোনো সময় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোস্তফা কামাল জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/টিবি