জেলা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়। অসহায়, আত্মসমর্পণ সম্পাদক-সাংবাদিক, মালিকদের মানায় না। যা আমরা গত ১৭ বছর দেখেছি। আমরা ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু লিখতে পারতাম, বলতে পারতাম। যা আমরা করিনি এবং পারিনি।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে মাদারীপুরের শিবচরের সাংবাদিকদের আয়োজনে পদ্মানদীতে আয়োজিত এক নৌভ্রমণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে সাংবাদিকতার চেয়ে এক শ্রেণির দলদাস তৈরি হয়েছে। যেটা সাংবাদিকতার মর্যাদাকে ম্লাণ করে দিয়েছে। আজকে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে, ছাত্রদের রক্তের বিনিময়ে, এদেশের রাজনীতিবিদদের জীবনের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্রের সুবাতাস বইছে।

তিনি আরও বলেন, এ সুবাতাস যেন বিশুদ্ধ বায়ুতে প্রবাহিত হয়। সেদিকে আমাদের নজর রাখতে হবে। আর কোনো স্বৈরশাসককে বাংলাদেশে দেখতে চাই না। কোনো ফ্যাসিস্টকে বাংলাদেশে দেখতে চাই না। আমরা একইসঙ্গে কোনো দলদাস সাংবাদিকও দেখতে চাই না। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহস নিয়েই সাংবাদিকতায় আসতে হয়।
কাদের গনি চৌধুরী বলেন, হলুদ সাংবাদিকতা এমনভাবে বেড়ে গেছে যে মূল সাংবাদিক পাওয়া যায় না। আজ সচিবালয়ে ঢুকবেন, বগলদাবা সম্পাদকদের দাপটে আসল সম্পাদকেরা কোণঠাসা। এই অবস্থা থেকে যদি আমরা উত্তরণ ঘটাতে না পারি, তাহলে সাংবাদিকদের সম্মান-মর্যাদা থাকবে না!

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সময় টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ এমএ মান্নান মিয়াসহ মাদারীপুর ও শিবচরে কর্মরত সাংবাদিকদরা।
প্রতিনিধি/এসএস