জেলা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম
স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হুজুর আলী বলেছেন, স্বাস্থ্যসেবা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর সুফল দ্রুতই দেশে মানুষ পাবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের মতো এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলের স্বাস্থ্য সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন, চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে।
পরে মতবিনিময় সভায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিন্ডিকেট, দালালচক্র ও কর্মচারী সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন তিনি। এর আগে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হুজুর আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা, রোগীদের সুযোগ-সুবিধা বিষয়ে খোঁজ খবর নেন এবং চলমান উন্নয়ন কাজ সরেজমিনে ঘুরে ঘুরে দেখেন।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মো. জাহিদ হাসান বসুনিয়া, হাসপাতালের উপপরিচালক ডা. মো. আব্দুল মোকাদ্দেম, সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মেজবাহুল হাসান চৌধুরী, সহকারী পরিচালক (প্রশাসন), ডা. কানিজ সাবিহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিনিধি/এসএস