images

সারাদেশ

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন: মাঠে নামছেন ২০ ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন ঘিরে নির্বাচনি অপরাধ নিয়ন্ত্রণে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে সাত দিনের জন্য ভোটের মাঠে থাকবেন ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার (৪ এপ্রিল) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
 
সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের পাঠানো এ সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনি এলাকার নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৪ মার্চ থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইনের আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/নির্বাচনি থানায় অন্যূন দুজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নির্বাহী হাকিম) নিয়োগ করা হয়। 

এরই ধারাবাহিকতায় ভোটগ্রহণের চার দিন আগ থেকে ভোটগ্রহণের দুদিন পর অর্থাৎ ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাত দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা এবং নিয়োজিতব্য বিভিন্ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবির সঙ্গে দায়িত্বপালনের লক্ষ্যে ইতোমধ্যে নিয়োগকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ প্রত্যেক নির্বাচনি এলাকায় মোট ১০ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। 
 
একইসঙ্গে স্থানীয় চাহিদা, ভোটকেন্দ্রের অবস্থান ও ভোটকেন্দ্রের সংখ্যা, ওয়ার্ড বিন্যাস ইত্যাদি বিবেচনায় এবং বাস্তবতার নিরিখে রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে মোবাইল-স্ট্রাইকিং ফোর্সের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করা হলে তদানুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। 
 
এ দুই আসনে আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে।  

এমএইচএইচ/ক.ম