images

সারাদেশ

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১

জেলা প্রতিনিধি

০৪ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৭ শিশু হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত জেলায় ৯১ জন শিশু হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। আক্রান্তদের মধ্যে তুবা ইসলাম তোহা নামে ১০ মাসের এক কন্যা শিশু সম্প্রতি মারা গেছে।

আর তিনজনের হাম পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তবে, জেলার বিভিন্ন বাড়ি-ঘরেও আক্রান্ত শিশু রয়েছে বলে জানা গেছে। তারা বাড়িতে হামের চিকিৎসা করাচ্ছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কোটালীপাড়ায় ৭ জন, কাশিয়ানীতে চারজন ও মুকসুদপুরে ছয়জন আক্রান্ত হয়েছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা. জীবিতেশ বিশ্বাস জানান, আক্রান্তদের মধ্যে ১৯ জন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে। বাকী ৭১ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। আক্রান্তদের স্বাস্থ্য কেন্দ্রে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। আমাদের এখানে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড রয়েছে। প্রয়োজনে আরও সিট বাড়ানো হবে।

প্রতিনিধি/ এজে