images

সারাদেশ

ঈদের আগেই হাতিয়ায় নতুন ফেরি যুক্ত করার চেষ্টা চলছে: নৌ প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি

০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুই পাশের ফেরি ঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেছেন, আগামী ঈদের আগেই এই রুটে একটি নতুন ফেরি যুক্ত করার চেষ্টা চলছে।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে হাতিয়ার নলচিরা চৌঘাট পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন। চলমান নৌ-যান ও ফেরি সংকট নিরসনের লক্ষ্যে সরেজমিন পরিদর্শনে এসেছিলেন প্রতিমন্ত্রী।

রাজীব আহসান বলেন, দেশের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আমরা নিজ দায়িত্বে হাতিয়ার মানুষের পথ চলা সহজ করতে সমস্যাগুলো পর্যবেক্ষণ করতে এসেছি।

নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি। ফেরি চলাচল আরও নিরাপদ ও টেকসই করতে ঘাটের র‍্যাম্প উন্নয়ন এবং দুই পাশের নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এছাড়া নৌপরিবহণ ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের আরও কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে