জেলা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পিএম
সারাদেশের মতো সিরাজগঞ্জেও বেড়েছে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব। গত এক সপ্তাহে ৩৯ জন শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। হামের টিকা দেওয়ার আগেই এ রোগে আক্রান্ত হচ্ছে অধিকাংশ শিশু। এতে দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনেরা।
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হাম ছড়িয়ে পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান স্বাস্থ্য বিভাগের।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, গত মাসের ২৯ মার্চ থেকে হাম রোগী কাউন্ট শুরু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। এসব রোগী শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে মনসুর আলী মেডিকেলে ১২ জন, উল্লাপাড়ায় ১ জন, বেলকুচিতে ১ ও চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছে। সারাদেশে হাম রোগীর সংখ্যা বাড়ার প্রেক্ষাপটে শহীদ এম মনসুর আলী হাসপাতালেও খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড।
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হাম সিরাজগঞ্জে আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিনিধি/এসএস