জেলা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের চিতলিয়া বাজারের ‘হিরন এন্টারপ্রাইজ’-এর মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শুক্রবার রাতে ওই প্রতিষ্ঠানে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে হিরন মিয়ার ঘর থেকে আটটি ড্রামে রাখা প্রায় ১ হাজার ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। তবে অভিযানের সময় মালিক হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।
ইউএনও মো. আসাদুজ্জামান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মুনাফা লাভের কোনো সুযোগ নেই। জব্দকৃত ডিজেল সরকারি নির্দেশনা মোতাবেক সাধারণ মানুষের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রতিনিধি/একেবি