images

সারাদেশ

চার গ্রামবাসীর সংঘর্ষে ফের রণক্ষেত্র ভাঙ্গা, পুলিশসহ আহত শতাধিক

জেলা প্রতিনিধি

০৪ এপ্রিল ২০২৬, ০১:১৩ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে ২য় দফায় চার গ্রামবাসীর মধ্যে তিন ঘণ্টা ধরে সংঘর্ষ চলছে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষে পুলিশসহ উভয় দলের নারী-পুরুষ-কিশোরসহ কমপক্ষে শতাধিক সমর্থক আহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টা থেকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ বাজারে ফের এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এক পক্ষে মুনসুরাবাদ গ্রামের লোকজন এবং অন্যপক্ষে একই ইউনিয়নের খাপুরা, মাঝিকান্দা ও সিংগাড়িয়া এই তিন গ্রামের লোকজন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মুনসুরাবাদ গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী খাপুরা, মাঝিকান্দা ও সিংগাড়িয়া গ্রামের দীর্ঘদিনের আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় খাপুরা গ্রামের তিন যুবককে আখের রস খাওয়া নিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। সেই জের ধরে প্রথম দফায় সন্ধ্যার পরে ২ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। রাত হওয়ার কারণে সংঘর্ষ থেমে যায়। সেই সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। রাত পোহানোর সঙ্গে সঙ্গে সকালে উভয় দল সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মুনসুরাবাদ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উভয় দল বিল্ডিংয়ের ছাদে, বাসা বাড়ির ছাদে, দোকানের ছাদে, টিনের চালসহ বিভিন্ন আড়াল থেকে বৃষ্টির মত ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুলিশসহ উভয় দলের কমপক্ষে শতাধিক সমর্থকরা আহত হয়েছেন। দুইদলের মাঝে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ কোনোভাবেই নিয়ন্ত্রণে নিতে পারছেন না।

স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে চলতে থাকলে নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। দাঙ্গা পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত।

 

সহকারী পুলিশ সুপার ভাংগা সার্কেল মো. রেজওয়ান দীপু ঢাকা মেইলকে বলেন, গতকাল এক দফা চলার পর সংঘর্ষ দ্বিতীয় দফায় আজ ভোর থেকে  শুরু হয়েছে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। শুরুর সময় থেকে এখন কিছুটা কমে গেছে সংঘর্ষ। তবে এখনো পুরোপুরি বন্ধ হয়নি। আহত অনেককেই হাসপাতালে নিতে দেখছি। মশিউর রহমান নামে আমাদের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। সংঘর্ষ বন্ধ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা সঠিক করে বলা যাচ্ছে না।

প্রতিনিধি/টিবি