জেলা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পিএম
রংপুরে বাঁশ ও কাঠের লাঠি এবং লোহার পাইপসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা।
শনিবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। এর আগে শুক্রবার দিবাগত রাতে নগরীর সিটি বিস্কুট মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের সংগঠিত করতে এবং বিভিন্ন নাশকতামূলক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মাঝেমধ্যেই অতি গোপনে বৈঠক করছেন। সেই ধারাবাহিকতায় ৩ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সিটি বিস্কুট মোড় এলাকায় সরকারবিরোধী স্লোগান দেওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মহানগর ছাত্রলীগের সাহিত্য ও প্রচার সম্পাদক আল আমিন মিয়া (২৮), ছাত্রলীগ সদস্য জাহিদ আকরাম (২৪), এনামুল হাসান রিয়াদ (২৩) এবং রাজ উদ্দিন ওরফে রাজন (২৬)।
অভিযানকালে তাদের কাছ থেকে ২টি স্টিলের পাইপ, ৩টি বাঁশের লাঠি এবং ২টি কাঠের লাঠি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা করা হয়েছে। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/একেবি