জেলা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৬ লিটার বাংলাদেশি ডিজেল জ্বালানি তেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ এপ্রিল) ভোররাতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর আওতাধীন ভূতিপুকুর বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাকলাইনের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৩৮/১০ এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূতিপুকুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় দুইটি জারিকেনে রাখা মোট ২৬ লিটার ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ১২০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অবৈধ জ্বালানি পাচার প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। জব্দ করা ডিজেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
প্রতিনিধি/টিবি