জেলা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ এএম
নেত্রকোনায় আদালত প্রাঙ্গণ থেকে রাকিবুল ইসলাম (৩২) নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে একটি চক্র। পরে মুক্তিপণ নিতে এলে চক্রের চার সদস্যকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তবে অপহৃত যুবককে উদ্ধার করা যায়নি। তাই আটক অপহরণকারীদের নাম ঠিকানা প্রকাশ করেনি ডিবি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে জেলা শহরের কুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে অপহরণের শিকার রাকিবুলকে উদ্ধার করা যায়নি
শুক্রবার (৩ এপ্রিল) নেত্রকোনা ডিবি পুলিশের ওসি তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী রাকিবুল কেন্দুয়া উপজেলার দেওপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলাম বৃহস্পতিবার একটি মামালয় স্বাক্ষী দিতে নেত্রকোনা আদালতে যান। আদালতের প্রাঙ্গণে পৌছা মাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন লোক রাকিবুলকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যায়। রাতে রাকিবুলের মোবাইল ফোন থেকে অপহরণকারীরা তার স্ত্রীর কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি ডিবি পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের পরামর্শ অনুযায়ী অপহরণকারীদের মুক্তিপণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এদিন রাতে জেলা শহরের কুরপাড় এলাকায় মুক্তিপণ নিতে গেলে অপহরণকরী চক্রের চার সদস্যকে আটক করে ডিবি। তবে অপহৃত রাকিবুলকে উদ্ধার করা যায়নি।
ডিবির ওসি তরিকুল ইসলাম বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহৃত যুবককে উদ্ধার করা যায়নি। তাই তদন্ত ও অপহৃতকে উদ্ধারের স্বার্থে আটকদের নাম প্রকাশ যাচ্ছে না। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/টিবি