জেলা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩১ এএম
নাটোরের সিংড়ায় ২৪৭ জন হতদরিদ্রের জন্য বরাদ্দ করা ভিডব্লিউবি কর্মসূচির (ভিজিডি) ৭. ৪১মেট্রিকটন চাল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে সুকাশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেনের বিরুদ্ধে।
জানা গেছে, ৫ মার্চ উপজেলা খাদ্য গুদাম থেকে সুকাশ ইউনিয়ন পরিষদের ২৪৭ জন দুস্থ নারীর জন্য বরাদ্দ করা মার্চ মাসের ৭ দশমিক ৪১০ মেট্রিক টন চাল উত্তোলন করেন চেয়ারম্যান সোহরাব। উপকারভোগীদের মাঝে চাল বিতরণ না করে তিনি সেই চাল কালোবাজারে বিক্রি করে দেন। পরে গত ১১ মার্চ চাল বিতরণ দেখিয়ে ভুয়া প্রত্যয়নপত্র ও মাস্টাররোল তৈরি করেন চেয়ারম্যান। ওই ইউনিয়নের ২৪৭ উপকারভোগী নারীর বিনামূল্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা রয়েছে। কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও ব্যাংক অ্যাকাউন্ট খোলার নামে উপকার ভোগীদের কাছ থেকে জনপ্রতি এক হাজার টাকা নিয়েছেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন।
উপকারভোগী ঝরনা খাতুন, আয়শা বেগম, তাজমা খাতুন ববিতা বেগম, রাবেয়া বেওয়া, আনোয়ারা বেগম, রাশেদা খাতুন মার্চ মাসের ভিডব্লিউবি কর্মসূচির চাল পাননি। বিনামূল্যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা থাকলেও তাদের থেকে টাকা নিয়েও কাগজপত্র দেননি চেয়ারম্যান অভিযোগ করেন।
সুকাশ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম ও হিসাব সহকারী পরিতোষ কুমার বলেন, মার্চ মাসের বরাদ্দ করা চাল বিতরণ হয়নি। উপকারভোগীদের কারও ব্যাংক অ্যাকাউন্টও এখন পর্যন্ত খোলা হয়নি।
অভিযুক্ত চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, অসুস্থ থাকায় চাল বিতরণ করা হয়নি। পরে বিতরণ করবেন বলে জানান তিনি।
সিংড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোয়ারুল হাসান বলেন, চেয়ারম্যান সোহরাব হোসেন ৫ মার্চ ভিজিডির ৭ দশমিক ৪১০ মেট্রিক টন চালের ডিও নিয়ে গোডাউন থেকে চাল উত্তোলন করে নিয়ে গেছেন।
এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, বিষয়টি নজরে এসেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা।
প্রতিনিধি/টিবি