জেলা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম
নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশী ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে আজিজুরের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার এ নিয়ে সামাজিকভাবে আপস-মীমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে শুক্রবার সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
প্রতিনিধি/ এজে