জেলা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, সাম্প্রতিক সময়ে আলু চাষে যে ব্যাপক ক্ষতি হয়েছে, তার প্রধান কারণ হিসেবে ড্রেনেজ ব্যবস্থার ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে। আমাদের খালগুলো যদি সচল থাকতো, তবে আলু চাষিদের এই চরম ক্ষতির সম্মুখীন হতে হতো না। সরকার বর্তমানে ক্ষতিগ্রস্ত চাষীদের পুনর্বাসনের পাশাপাশি দেশে উৎপাদিত অতিরিক্ত ১৫-২০ লাখ টণ আলুর সঠিক ব্যবহার এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কালাই উপজেলার মাত্রাইয়ের কানমুনা- হারাবতী নদীর খাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল বারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের মঙ্গলের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কাছে সরাসরি অর্থনৈতিক সুবিধা পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে।
এসময় জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, কালাই পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলীম উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জয়পুরহাটে কানামুনি হারাবতী খাল ৬ কিলোমিটার খনন কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৭১ লাখ টাকা। এই কাজগুলো দেখভাল করবেন পানি উন্নয়ন বোর্ড।
প্রতিনিধি/ এজে