জেলা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম
নোয়াখালীতে আজাদী মঞ্চের উদ্যোগে ৬৯ শতাংশ গণরায় বাতিল চেষ্টার প্রতিবাদ, জুলাই সনদের বাস্তবায়নের দাবি এবং হাদি হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জেলা জামে মসজিদ মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে তারা। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার ছাত্র-জনতা মশাল মিছিলে অংশ নেয়।
মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে গণরায় বাতিলের অপচেষ্টা রুখে দেওয়া ও আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত গণরায়কে নসাৎ করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
এ ছাড়া ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন ও শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। যারা পেছনের দরজা দিয়ে আবার স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করছে বা গণরায়কে অস্বীকার করছে, তাদের ছাত্র-জনতা কঠোরভাবে দমন করবে।
মিছিলে স্থানীয় ছাত্রনেতা, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে যোগ দেন। বক্তারা অনতিবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করে দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র শক্তি সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান সীমান্ত, আজাদী মঞ্চের সিনিয়র সদস্য রাজু আহমেদ রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সহ মুখপাত্র সুমাইয়া আক্তার, ইউনাইটেড পিপলস বাংলাদেশ- আপ বাংলাদেশের নোয়াখালী জেলার যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দীন এবং আজাদী মঞ্চের সিনিয়র সদস্য এইচ এম ইসমাইল সাঈফ প্রমুখ।
প্রতিনিধি/এসএস