images

সারাদেশ

কুষ্টিয়া মেডিকেলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, অবহেলার অভিযোগ

জেলা প্রতিনিধি

০৩ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া আফরান নামের আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ইউনিট-২ এর হাম ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আফরান কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার আলামিন ও অন্তরা দম্পতির একমাত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৮ দিন ধরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুটি।

স্বজনদের অভিযোগ, দায়িত্বে অবহেলা ও সময়মতো চিকিৎসা না পাওয়ার কারণেই আফরানের মৃত্যু হয়েছে। তারা জানান, শুক্রবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তখন নিয়মিত অক্সিজেন নেওয়া আফরানের শ্বাসকষ্ট বেড়ে গেলে ডিউটিতে থাকা নার্সদের বারবার ডেকে জাগানোর চেষ্টা করেন স্বজনরা। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তাদের কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ

রাত ৩টা থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত বারবার ডাকাডাকি করেও ডিউটি নার্স ও চিকিৎসককে পাওয়া যায়নি। এ সময় শিশুটির অবস্থা আরও খারাপ হতে থাকে। পরে আশপাশের অন্যান্য রোগীর স্বজনরা এগিয়ে এসে সম্মিলিতভাবে ডাকাডাকি করলে ডিউটি ডাক্তার ও নার্স ঘটনাস্থলে আসেন।

পরবর্তীতে সকাল ৫টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, হামের উপসর্গ নিয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ভর্তির দিন থেকেই শিশুর অবস্থা খারাপ ছিল। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রোগীর স্বজনেরা যাননি। তবু তার যতটুকু সম্ভব চিকিৎসা দেওয়া হচ্ছিল।

প্রতিনিধি/এসএস