জেলা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৬ এএম
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে বসির সারেং এর বসতবাড়ির ছাদের পানির ট্যাংকি থেকে অবৈধভাবে মজুত করা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বিশেষ অভিযান পরিচালনা করে পরে জব্দ করা তেল বিক্রি করে দেওয়া হয়। অবৈধভাবে তেল মজুদ রাখা বসির সেরাং চরজব্বর ইউনিয়নের মৃত নাসির আহমেদের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চরজব্বর ইউনিয়নের হাসান হাট ‘বসির সেরাং’ নামে পরিচিত ওই ব্যক্তির বাড়ির ছাদে পানির ট্যাংকিতে দীর্ঘদিন ধরে এই জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল। সাধারণ পানির ট্যাংকিতে পানির বদলে তেলের উপস্থিতি দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, মজুত করা ৭৫০ লিটার তেল জব্দপূর্বক বাজেয়াপ্ত করে চর হাসান ভুঁইয়ার হাট বাজারে তেল বিক্রয়ের লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো রেইটে স্পট নিলামের বিক্রি করা হয়।
এ সময় বসু সেরাংকে বাড়ির ছাদের পানি টাংকিতে অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। একই সাথে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিরাপদ জ্বালানি মজুত ও বিক্রয় নীতিমালা লঙ্ঘন করে জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিযুক্ত ব্যক্তি কোনো প্রকার বৈধ লাইসেন্স ছাড়াই কালোবাজারি বা অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশে এই তেল সংগ্রহ করেছিলেন।
প্রতিনিধি/এসএস