জেলা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ এএম
টাঙ্গাইলের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত সায়ফাল নামে ৮ মাসের শিশু মৃত্যুবরণ করেছে। এছাড়া হামে আক্রান্ত আরও ১৩ জন চিকিৎসাধীন রয়েছে।
গত বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ওই শিশুটি মারা যায়। শিশু সায়ফাল টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি জানাজানি হয়।
হাসপাতাল সূত্র জানায়, গত কয়েকদিন ধরে হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। গত বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে সায়ফালকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাত প্রায় ৩টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সাইফুল ইসলাম জানান— হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ- যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান— শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদান এবং জ্বর, ফুসকুড়ি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েজেন।
টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান— গত কয়েকদিনে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে। সে জন্য হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও জানান— বৃহস্পতিবার হামের ওয়ার্ডে রোগীর সংখ্যা ১৩ জন। জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত ১৭জন ভর্তি রোগী ছিল। এর মধ্যে ৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি গেছে। অপরদিকে এক আট মাসের শিশু মারা গেছে।
প্রতিনিধি/এসএস