জেলা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলামের (তাজু) পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুজ্জামান রিশাদ তাকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তাইজুলকে বাসযোগ্য খাসজমি ও কৃষিজমি প্রদানের আশ্বাসও দেওয়া হয়।
এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু’র উদ্যোগে তাজুর জন্য ঘর নির্মাণে দুই বান্ডিল টিন ও নগদ ৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা এবং ইউপি সদস্য কবিরুল ইসলাম প্রমুখ।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুজ্জামান রিশাদ বলেন, নারায়ণপুর ইউনিয়ন একটি প্রত্যন্ত এলাকা। তাইজুল ভাই তার এলাকার সমস্যা তুলে ধরছেন। তিনি অসহায় ও ভূমিহীন। তাই তাকে আর্থিক সহায়তা এবং খাসসহ আবাসিক জমি দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, তাইজুল নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে ঢাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছেন তিনি। ফাঁকে ফাঁকে মোবাইলে মজার ভিডিও তৈরি করেন।
সম্প্রতি ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় নারায়ণপুর বাজারে জিলাপির দাম নিয়ে তৈরি করা একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তিনি দোকানদারের কাছে জানতে চেয়েছিলেন, জিলাপি সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কি না।
প্রতিনিধি/ এজে