images

সারাদেশ

বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, হিটস্ট্রোকে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি

০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

বগুড়ায় তীব্র গরমে ‘হিটস্ট্রোকে’ আবু সামাদ (৫৫) নামে এক রিকশাচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে শহরের মালতীনগর বকশীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু সামাদ সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার বাসিন্দা ও মৃত আজিজার রহমানের ছেলে। বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরহাদ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরের দিকে রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আবু সামাদ। পথিমধ্যে বকশীবাজার মোড়ে হঠাৎ অসুস্থ হয়ে রিকশা থামিয়ে বসে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে পাশের একটি ভবনের দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে বসিয়ে দেন। কিছুক্ষণ পরেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরহাদ মন্ডল জানান, প্রত্যক্ষদর্শী ও পরিবারের ধারণা, অতিরিক্ত গরমের কারণে ‘হিটস্ট্রোক’ এ তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (২ এপ্রিল) বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমের সর্বোচ্চ।

প্রতিনিধি/এজে