images

সারাদেশ

গাইবান্ধায় বিয়ের অনুষ্ঠানে পিটিয়ে হত্যা, অভিযুক্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০২ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পিএম

গাইবান্ধায় বিয়ের অনুষ্ঠানে প্লেটে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত আসামি গোলজার রহমানকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে র‌্যব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেফতার গোলজার জেলা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া (টেংগামারা) এলাকার মুত আব্দুল সামাদের ছেলে। তিনি মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি।

এর আগে, বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে ঘাগোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ২২ জুন মধ্য রাতে বিয়ে বাড়ির খাবার অনুষ্ঠানে গ্রেফতার গোলজার রহমান ও তার সহযোগীদের প্লেটে মাংস কম হওয়ায় মামলার অপর আসামি মনোয়ারা বেগম ভিকটিম ছায়দার আলীর (৫০) মুখে মাংস-ভাতসহ প্লেট ছুড়ে মারেন। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে গোলজারসহ ১৫-২০ জন আসামি রান্না করার লকড়ি, লাঠি, লোহার রড দিয়ে ছায়দার আলীর মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। পরে আহত ছায়দারকে চিকিৎসার জন্য প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২৩ জুন বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহত ছায়দার আলীর ছেলে বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার ঘাগোয়া ইউপি ভবনের সামনে অভিযান চালিয়ে আসামি গোলজারকে গ্রেফতার করে।

পরবর্তী আইনি কার্যক্রমের জন্য গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রতিনিধি/ এজে