জেলা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তেলবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ১৬ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মনতলা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে লাইনচ্যুত বগি সরানো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে দীর্ঘ সময় লাগায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হয়নি।
এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকা পড়েন শত শত যাত্রী। অনেকে বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবস্থার শরণাপন্ন হন, ফলে ভোগান্তি আরও বেড়ে যায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান, দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
প্রতিনিধি/ এজে