images

সারাদেশ

ফরিদপুরে ৩২০ লিটার ডিজেল জব্দ

জেলা প্রতিনিধি

০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পিএম

ফরিদপুরে পেট্রোল পাম্প থেকে অবৈধভাবে ডিজেল ক্রয় করে মজুত করার অভিযোগে মো. মিকাইল হোসেন (২১) নামে এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলার সালথা উপজেলা পরিষদের সামনে অবস্থিত মনোয়ারা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সালথা মনোয়ারা ফিলিং স্টেশন থেকে ৩২০ লিটার ডিজেল ক্রয় করে একটি ট্রলি গাড়িতে নিয়ে যাচ্ছিলেন মিকাইল নামে এক যুবক। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তেল বহনকারী ওই যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ৩২০ লিটার ডিজেল।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, একটি চক্র জ্বালানি তেলে কৃত্রিম সংকট তৈরি করতে অবৈধভাবে মজুত করছেন। এ বিষয় প্রশাসন ও পুলিশ সর্বক্ষণ নজরদারি রাখছেন। আজকে একজন ৩২০ লিটার ডিজেল ক্রয় করে মজুত করার নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে ওই তেল জব্দ করে ন্যায্য মূল্যে বিক্রি করা অর্থ কোষাগারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি তেল মজুত করার অভিযোগে এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, সালথা উপজেলায় আগের থেকে দ্বিগুণ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, তবুও কিছু অসাধু ব্যক্তি এবং কিছু অসচেতন মানুষ অহেতুক বাড়তি তেল ক্রয় করে মজুত করার অপচেষ্টা চালাচ্ছেন, যা খুবই দুঃখজনক। সব প্রকারের তেল অবৈধ মজুত বেআইনি। আমরা সবাইকে অহেতুক তেল মজুত থেকে বিরত থাকার অনুরোধ করছি। এছাড়া জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে