images

সারাদেশ

নেত্রকোনার আটপাড়ায় দুই হাতুড়ে চিকিৎসক কারান্তরীণ

জেলা প্রতিনিধি

০২ এপ্রিল ২০২৬, ০১:৫১ পিএম

নেত্রকোনার আটপাড়া উপজেলায় অবৈধভাবে দন্ত চিকিৎসা প্রদানের অভিযোগে দুই হাতুড়ে চিকিৎসককে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে তাদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার পালগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে নূরে আলম (৩৮) এবং দুওজ গ্রামের শাহজাহানের ছেলে জসীম উদ্দিন (৩০)। 

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বুধবার নাজিরগঞ্জ বাজারে হাট বসে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃত চিকিৎসা সনদ ছাড়াই সেখানে দন্ত চিকিৎসা ও সার্জারি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে দেখা যায়, তারা নিবন্ধিত চিকিৎসক না হয়েও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের দাঁতের চিকিৎসা দিচ্ছিলেন। এই অপরাধে ‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০’ এর ২৮(৩) ধারায় প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ জুবায়দুল আলম জানান, সাজা প্রদানের পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছিল এবং আজ সকালে যথাযথ প্রক্রিয়ায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/একেবি