images

সারাদেশ

টেকনাফে ২ কোটি ৫৫ লাখ টাকার মাদকসহ আটক ২

জেলা প্রতিনিধি

০২ এপ্রিল ২০২৬, ১১:৫৮ এএম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কোস্ট গার্ড সদর দফতরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের করাচীপাড়া এলাকার জাহেদ হোসেনের ছেলে মোহাম্মদ জায়েদ (২৬) এবং একই ইউনিয়নের পানছড়িপাড়া এলাকার আব্দুল আলমের ছেলে মোহাম্মদ সোহেল (১৮)।

কোস্ট গার্ড সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় মোটরসাইকেলযোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ডের একটি দল। এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে আরোহীরা নির্দেশ অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন।

পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মোটরসাইকেলসহ ওই দুই ব্যক্তিকে আটক করেন। তাদের সাথে থাকা একটি বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৫ লাখ টাকা।

উদ্ধারকৃত ইয়াবা ও পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

প্রতিনিধি/একেবি