জেলা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম
দেশজুড়ে ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাবের মধ্যেই যশোরে চিকেন পক্সে আক্রান্ত হয়ে শহীদ মোড়ল (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত শহীদ মোড়ল যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল গ্রামের আজিজ উদ্দিনের ছেলে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মো. আহসান কবির বাপ্পি জানান, শহীদ মোড়লকে যখন হাসপাতালে আনা হয়, তখনই তার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন ছিল। তাকে প্রয়োজনীয় সব ধরনের উন্নত চিকিৎসা দেওয়া হলেও বার্ধক্যজনিত কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) কম থাকায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
যশোরের সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা জানিয়েছেন, গতকাল সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সপ্তাহ থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। জেলায় টিকার কোনো সংকট নেই। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা নিশ্চিত করার এবং উচ্চমাত্রার জ্বর বা শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হাম ও পক্সের মতো সংক্রামক রোগের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিনিধি/একেবি