জেলা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৬, ১০:১৮ এএম
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার অভিযোগে হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার বাড়ি থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।
বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার লোহালিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে নিজ বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুত করে রেখেছিলেন ওই ব্যবসায়ী। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হান্নান হাওলাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তার ঘর থেকে উদ্ধার করা ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দ করা তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, জনস্বার্থবিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মজুতদারদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সঙ্গে বাবুগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/টিবি