জেলা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৬, ০৯:১৬ এএম
জামালপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে শিকার হয়ে আব্দুল হাকিম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাওলা গোপালপুরে এ ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানিয়েছেন, পারিবারিকভাবে ৫ বছর আগে পাশের এলাকা নরুন্দি কচুনধরার কাদিউর রহমানের মেয়ে কামনুর নাহারের সঙ্গে বিয়ে হয় শামীমের। সংসারে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহের সমাধানের জন্য বুধবার রাতে সালিশি বসেছিল ছেলের বাবা নিহত আব্দুল হাকিমের বাড়িতে। এ সময় দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে শামীমের শ্বশুরসহ বাকিরা আব্দুল হাকিমকে মাটিতে ফেলে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ছেলের শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারিতে আব্দুল হাকিম আহত হয়। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি