images

সারাদেশ

বগুড়ায় ট্রাকচাপায় রাজমিস্ত্রি নিহত, আহত ১

জেলা প্রতিনিধি

০২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় সুমন হোসেন (২৫) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোস্তফা (৪০) নামে আরও একজন। 

বুধবার (১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মুরইল এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন উপজেলার কালাই কুর্নিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। আহত মোস্তফা শেখাহার গ্রামের আব্দুল মজিদের ছেলে। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনই পেশায় রাজমিস্ত্রি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া শহর থেকে রাজমিস্ত্রির কাজ শেষে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন সুমন ও মোস্তফা। পথে মুরইল এলাকায় ভ্যানটি পৌঁছালে নওগাঁগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন।

খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে সুমনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এএইচ