জেলা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম
কক্সবাজারের উখিয়া উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টা থেকে উপজেলার তিনটি পেট্রোল পাম্পে একযোগে এই অভিযান শুরু হয়। অভিযানে জ্বালানি তেলের মজুত ও বিতরণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
এ সময় পালংখালী এলাকায় তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে একটি পাম্পে অভিযান চালানো হয়। সেখানে ‘ইউসুফ অ্যান্ড ব্রাদার্স’ নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি এবং বাজারে অনিয়ম প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘কেউ যদি জ্বালানি তেল মজুত বা বিতরণে কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/একেবি