জেলা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় শিশু তাহিয়া তানজিন তুবা (৯) হত্যার ঘটনার প্রায় এক মাসেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আটপাড়া মোড়ে স্থানীয় সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তুবা উপজেলার বিক্রমশ্রী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ দুপুরে বিক্রমশ্রী গ্রামে নিজ বাড়ি থেকে অটোচালক রফিকুল ইসলামের মেয়ে তুবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। পরদিন ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে চিকিৎসক ধারণা দেন, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে এবং তার শরীরে নির্যাতনের চিহ্নও ছিল।
ঘটনার পরদিন ৭ মার্চ শিশুটির বাবা রফিকুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মানববন্ধনে বক্তব্য দেন শিশুটির বাবা রফিকুল ইসলাম, মা চিনি আক্তারসহ স্থানীয় বাসিন্দারা। বক্তারা বলেন, এমন নৃশংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ কর্মসূচিতে শিক্ষক, অভিভাবক, সুধীজন ও সাধারণ মানুষ সংহতি প্রকাশ করেন।
এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ছবি- মানববন্ধন করছেন এলাকাবাসী।