জেলা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পিএম
মৌলভীবাজারের কুলাউড়ায় খেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্যে ফুটিকগুলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো— ফটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২), একই গ্রামের আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ (৯) ও একই গ্রামের শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ (৭)।
স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনুর জানান, বুধবার বিকেলে হঠাৎ কালবৈশাখি ঝড় হলে স্থানীয় খেতের জমি পানিতে ভরে যায়। ঝড়-বৃষ্টি শেষে বিকেলে ৩টার দিকে একই পরিবারের ওই তিন শিশু বাড়ির পাশের কৃষি জমির পানিতে খেলতে নামে। এ সময় সদ্য মাটি কেটে নিচু করা একটি জমিতে নামলে তিন শিশুই পানিতে ডুবে যায়।
এক পথচারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে ডা. মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে শিশুর স্বজনরা তাদের বাড়িতে নিয়ে যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে থানায় আনা হবে।
প্রতিনিধি/এসএস